# Tags

চকরিয়ায় শহীদ হওয়া সেনা কর্মকর্তা তানজিমের আজ প্রথম মৃত্যু বার্ষিকী,সেনাবাহিনীর শ্রদ্ধা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন(২৩)।

গত ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত ৩ টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়,শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সেই দিন সাহসীকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মাত্র ২৩ বছর বয়সে শহীদ তানজিমকে আত্মত্যাগের জন্য মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।

তানজিমের নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন আসামী কারাগারে রয়েছে বাকী ৬ জন আসামী পলাতক বলে পুলিশ সূত্রে জানা যায়।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট তৌহিদুল এহসান বলেন,এজলাসে আসামিরা সাক্ষীদের হুমকি দিয়েছে। এমনকি আমাকে কয়েক বার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমরা আদালতে পিটিশন আকারে জানিয়েছি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন,এই মামলার কার্যক্রম যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। সাক্ষীদের যাতায়াত, সুরক্ষা সব আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখনো কেউ সরাসরি নিরাপত্তার ঝুঁকি জানায়নি,তবে প্রত্যেক সাক্ষীর খোঁজখবর আমাদের কাছে আছে।